চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. মিজানুর রহমান (২৭) ও যুবলীগ ক্যাডার আবু বক্কর (৪২)।
রোববার রাতে বাঁশখালী পৌরসভাস্থ লক্ষ্মী স্কয়ার মার্কেট ও চাম্বল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
জানা যায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় চাম্বল বাজারে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনায় দুজনই জড়িত ছিলেন। তারা আদিবা ভাতঘর এন্ড বিরিয়ানি হাউজ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করেছিলেন। ওই বিরিয়ানি হাউজের মালিক আটক আবু বক্কর চাম্বল ইউনিয়ন যুবলীগ নেতা, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরীর ‘ডানহাত’ হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন বলে জানান স্থানীয়রা।
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এ-সংক্রান্ত একটি এক্সক্লুসিভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, ৩ ও ৪ আগস্ট আবু বক্করের মালিকানাধীন আদিবা ভাতঘর এন্ড বিরিয়ানি হাউজে ছাত্র-জনতাকে হটাতে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র মজুদ করা হয়। এমনকি পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করে প্রতিষ্ঠানটি।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন আবু বক্কর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই বছর তিন মাস ১০ দিন পর অবশেষে যুবলীগ নেতা আবু বক্করকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাম্বল বাজারে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। এ সময় আবু বক্করকে (৪২) বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আবু বক্কর চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং জনৈক মৃত নুরুল কবিরের ছেলে। আটক দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।