হোম > সারা দেশ > চট্টগ্রাম

গায়ে হাত দিলে হাত টুকরো টুকরো করে বাজারজাত করব

চট্টগ্রাম ব্যুরো

সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম। ছবি: আমার দেশ

চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি, গুলি ও প্রাণনাশের হুমকির অভিযোগের মধ্যে এবার নিজের সহযোগী ও অনুসারীদের পক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে হুমকিমূলক পোস্ট দিয়েছেন আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম। তার সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে কয়েকজন তরুণকে হুমকি দেওয়া হচ্ছে—এমন দাবি করে তাঁদের গায়ে হাত না দেওয়ার জন্য সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে রায়হান লেখেন, ‘আমার সাথে যোগাযোগ আছে বলে মনে করে যেই ছোট ভাইদের হুমকিধামকি দিচ্ছেন, আচ্ছা আপনাদের কি মনে হয় রায়হানের ছোট ভাইগুলো তোমাদের গালবাজিকে ভয় পায়?’

পোস্টে তিনি আরও লেখেন, ‘ছোট ভাইগুলোকে দূর থেকে হুমকি দিচ্ছেন দেন। তবে বেশি কাছে আসার চেষ্টা করিয়েন না, পরে আর বাড়ি ফিরতে পারবেন কি না সন্দেহ আছে।’

এরপর অনুসারীদের নিজের পরিবারের সদস্য উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, ‘আমার ছোট ভাইগুলো আমার পরিবারের মতো। গায়ে হাত দিবে সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেবো।’

রায়হানের এই পোস্ট এমন সময়ে এসেছে, যখন এর মাত্র দুই দিন আগে, ১৫ নভেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এর আগে ৩১ আগস্ট বায়েজিদ বোস্তামী এলাকার ব্যবসায়ী মাকসুদ চৌধুরীর কাছে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে রায়হানের নামে। এ ঘটনায় তাঁর স্ত্রী মাহফুজা রুনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। হুমকিদাতা ব্যবসায়ীর সন্তানদের হত্যারও হুমকি দিয়েছিল বলে জিডিতে উল্লেখ করা হয়।

হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫ মামলা

পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ রায়হান আলম রায়হান উদ্দিন ও ‘শুটার রায়হান’ নামেও পরিচিত। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। তিনি বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, ছোট সাজ্জাদ ও ডেভিড ইমন গ্রেপ্তারের পর তাঁদের অপরাধী নেটওয়ার্কের নিয়ন্ত্রণ রায়হানের হাতে আসে বলে অভিযোগ রয়েছে। চাঁদা না পেলে তাঁর অনুসারীদের দিয়ে গুলিবর্ষণ ও হামলা চালানোর অভিযোগও রয়েছে। একাধিক অভিযান চালিয়েও তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

গত ১৪ সেপ্টেম্বর র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, রায়হান রাউজানের দুর্গম পাহাড়ি এলাকায় আস্তানা গড়েছেন। অবস্থান শনাক্তকরণ এড়াতে বিদেশি প্রযুক্তি ব্যবহারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই এলাকায় ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অভিযান পরিচালনায়ও সমস্যা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

এর আগে ২২ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও রাউজান থানার ওসিকে সতর্ক করেছিলেন রায়হান। ওই পোস্টে প্রতিপক্ষের বিরুদ্ধে দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনার অভিযোগ তোলেন তিনি। তবে তাঁর সেই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।

এদিকে ১৫ নভেম্বরের গুলির ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার পুলিশ ঘটনাস্থল থেকে চারটি পিস্তলের গুলির খোসা ও একটি রাইফেলের কার্তুজের খোসা উদ্ধার করেছে। বায়েজিদ থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, চাঁদা দাবি ও হুমকির ঘটনায় একটি ফোন নম্বর এবং অডিও রেকর্ড পাওয়া গেছে। সেগুলোর সূত্র ধরে তদন্ত চলছে।

রায়হানের নতুন পোস্টের বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, রায়হানের ওপর পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা: চসিক প্রশাসক

উখিয়ায় লোকালয়ে ৭ হাতি, দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরাল বন বিভাগ

কোরআনি শিক্ষা ছাড়া মানুষ আদর্শবান হতে পারে না

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

মালিকপক্ষ ও শ্রমিকদের সমঝোতায় খুলল চান্দিনার ডেনিম গার্মেন্টস

লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার

৫৩ স্টেশন বন্ধ, কোনোটি অচল ২৫ বছর

ফেনীতে পুলিশ সুপারের পর বদলি হলেন দুই থানার ওসি

বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম

দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীতে