চট্টগ্রামের বাকুলিয়ায় পলাশ হত্যা মামলায় মাহমুদুল হাসান সোহেল ও আইয়ুব আলী বাবুল নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণে মো.পলাশ হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে আদালত দুই আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার সকালে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, পূর্ব শত্রুতার জেরে আসামিরা পরিকল্পিতভাবে মো. পলাশকে ২০০৯ সালের ২৭ আগস্ট নগরের বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় নিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. সম্রাট ২০০৯ সালের ২৮ আগস্ট বাকলিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০১২ সালের ১২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলাটি প্রথমে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা আদালতে স্থানান্তরিত হয়।
জেডএম