কুমিল্লা জাঙ্গালিয়া বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট। রোববার দুপুর একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । তিনটি বাস রয়েল কোচ পরিবহনের।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, এখনো পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ জানা যায় নাই । এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে । তবে গাড়ি তিনটি পুড়ে ছাই হয়ে গেছে।
জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড এর কয়েকজন কর্মী জানান, দীর্ঘদিন ধরে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে রয়েল কোচ পরিবহনের বাসগুলো এখানে পার্কিং করা অবস্থায় ছিল । এই বাসগুলোর মধ্যে এসে মাদকসেবীরা মাদক সেবন করে । ৫ আগস্ট এর পরে থেকেই বাসগুলো এখনো পড়ে আছে । যার কারণে মাদকসেবীদের কাছে এই বাসগুলো মাদক সেবনের জন্য নিরাপদ । তারা জানান আগুন লাগার পরপরই কয়েকজন মাদকসেবী দৌঁড় পালিয়ে যায় । তাদেরকে চিহ্নিত করা যায়নি ।
রয়েল কোচ পরিবহনের মালিক সাইফুল ইসলাম খান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরের দিন ৬ আগস্ট রয়েল কোচ কাউন্টারটি ভাঙচুর করা হয় । তারপর থেকে এই তিনটি বাস ওই জায়গার মালিক আজাদের কাছে ছিল । শুনেছি সে এই বাসগুলো জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রেখেছিল । আজ দুপুরে শুনলাম এই বাসগুলোতে আগুন দেওয়া হয়েছে । গাড়িগুলোতে ইঞ্জিন ছিল না । আমি কিছু দিনের মধ্যে ইঞ্জিন লাগানোর প্রক্রিয়া করছিলাম ।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়েই আমরা দমকল বাহিনীকে জানিয়েছি । উনারা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন । তিনটি বাস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । আগুন লাগার সূত্রপাত এখনও জানা যায়নি । আমরা তদন্ত করছি ।