হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি নেতার ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা

রোহিঙ্গা ক্যাম্পে মার্কেট নিয়ে বিরোধ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ছবি: আমার দেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি মেম্বার নুরুল আমিনকে বেধড়ক মারধর ও এলোপাতাড়ি কুপিয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার মাথায় দুটি ও ঠোঁটে একটি ধারালো অস্ত্রের গভীর কোপ দেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ওই বিএনপি নেতা মৃত্যুপথযাত্রী বলে মনে করছেন চিকিৎসকেরা। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে, উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে মার্কেট ভাঙচুর ও দখল-বেদখলকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় যুবলীগ নেতা আলমগীর ও ছাত্রলীগ নেতা সরওয়ারের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে।

এদিকে হামলার প্রতিবাদে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কক্সবাজার শহরেও বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

রোববার রাত সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিএনপি সূত্রমতে, থাইংখালী এলাকার বাসিন্দা ও যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর ও ছাত্রলীগ নেতা সরওয়ারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল বিএনপি নেতা নুরুল আমিনের ওপর হামলা চালায়। ওই সময় তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক কোপ দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, হামলায় আশ্রয়শিবিরে আশ্রিত কয়েকজন সশস্ত্র রোহিঙ্গাও অংশ নিয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, নুরুল আমিনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে চার-পাঁচটি কোপ দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচাতে ‘ও নেগেটিভ’ রক্তের প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তবে কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, নুরুল আমিনের মাথায় দুটি ও ঠোঁটে একটি গভীর কোপের চিহ্ন রয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাবুকতাগিন মাহমুদ সোহেল জানান, ওই বিএনপি নেতার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, নুরুল আমিনকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছেন।

তবে, স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনা সরকার আমলে একটি মার্কেট গড়ে তুলেছিলেন। সরকার পরিবর্তনের পর সেই মার্কেট ভেঙে দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপির নেতাকর্মীরা নতুন একটি মার্কেট গড়ে তুলে নিজেদের আধিপত্য বিস্তার করেন।

সূত্রমতে, রোববার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির সেই মার্কেটে হামলা ও ভাঙচুর চালান।

এই খবর পেয়ে নুরুল আমিনের নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেলে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন। ওই সময় নুরুল আমিন ছাড়াও আরো কয়েকজন নেতাকর্মী আহত হন।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গভীর রাত পর্যন্ত এই অবরোধ চলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএইচ

চাঁদপুরে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণ উদ্ধার করল ডিবি

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, মিলল পিস্তল-গুলি ও ধারালো অস্ত্র

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, অশ্রুসিক্ত ‘মেহফিল-এ-ইনকিলাব’

উখিয়ায় বিএনপি নেতার ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, সড়ক অবরোধ

বিএনপির দু্পক্ষের বিরোধ, বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে ককটেল বিস্ফোরণ

বাইউস্টে ৩০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইউএন সম্মেলন

দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা

৪৬ বছর পর মা-বাবাকে খুঁজছেন ডাচ নাগরিক, ভাই দাবি একজনের ডিএনএ সংগ্রহ

রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ