বাড়ির পাশের একটি দোকানে চা খেতে গিয়ে নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট গ্রামের মোহাম্মদ রাসেল হোসেন (৩২) নামের এক যুবকের। ছেলের অনিশ্চিত ভাগ্যের দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন মা ফাতেমা বেগম। পুত্রশোকে তিনি বর্তমানে শয্যাশায়ী হয়ে পড়েছেন।
পরিবার ও থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের তোরাব মিজি বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে মোহাম্মদ রাসেল হোসেন গত ৯ জুন সকাল ৭টার দিকে বাড়ির পাশের দেবনগর গ্রামের একটি দোকানে চা খেতে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে রাসেলের বড় ভাই মো. ফারুক হোসেন গত ২৫ জুন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাসেলের বড় ভাই ফারুক হোসেন বলেন, ‘আমরা আত্মীয়স্বজন, পরিচিতজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু এখন পর্যন্ত রাসেলের কোনো সন্ধান পাইনি। পরিবারের সবাই উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে মা ছেলের শোকে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস শাকুর বলেন, রাসেলকে উদ্ধারে পুলিশ কাজ করছে। তার সন্ধানে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তথ্য প্রচার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তার সন্ধান পেতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
পরিবারের পক্ষ থেকে কেউ রাসেলের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার স্বজনদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।