রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে স্থানীয় জেলের চাপজালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি ৩৫ হাজার ২০০ টাকায় কিনে এখন লাভের আশায় ক্রেতা খুঁজছেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
রোববার ভোরে স্থানীয় জেলে লুৎফর হালদার পদ্মা নদীতে চাপজাল দিয়ে মাছটি শিকার করেন। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মণ্ডলের মাছের আড়তে নিয়ে আসেন। সেখানে লাভের আশায় উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে চান্দু মোল্লা মাছটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৩৫ হাজার ২০০ টাকায় কিনে নেন।
মাছটি কেনার পর তিনি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনে রশি দিয়ে বেঁধে জীবিত অবস্থায় রেখেছেন। এখন মাছটি বিক্রি করে ভালো লাভের আশায় দেশ-বিদেশের সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করছেন তিনি। আগ্রহীরা ব্যবসায়ী চান্দু মোল্লার সঙ্গে সরাসরি ০১৭১১-৬৫২৬৪৯ নম্বরে যোগাযোগ করেও মাছটি কিনতে পারেন।
বড় আকৃতির মাছটি দেখতে ঘাটে উৎসুক মানুষের আগ্রহ তৈরি হয়েছে।