হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২

পদ্মা সেতু এলাকা থেকে

উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সিগঞ্জ)

ভারতীয় কাপড় জব্দ। ছবি: আমার দেশ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে প্রায় ১১ কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান।

মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

এসআরবির বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু পার হয়ে মুন্সিগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি ও ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল উদ্ধার করা হয়। উদ্ধার করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা এবং কাশ্মীরি শালের মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার সাজ্জাদ হোসেন (২৮) ও কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা পরস্পর যোগসাজশে ভারতের বেনাপোল থেকে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি, কাশ্মীরি শালসহ বিভিন্ন পণ্য কাভার্ড ভ্যানে করে দেশে নিয়ে আসতেন। পরে দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য চড়া দামে বিক্রি করতেন।

এসআরবি জানিয়েছে, উদ্ধার করা পণ্যসহ গ্রেপ্তার দুজনকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এমএইচ

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

গাজীপুরে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা

অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক খানাখন্দে বেহাল

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

ধনবাড়ীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

ব্যাংক হিসাব জব্দ, সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ মেজর আখতারের

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন

মেজর আখতার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসা পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স