মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর আশ্রাব্দী এলাকায় রোববার দুপুরে একটি কুমির দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার বিকেল আনুমানিক ৩টার দিকে গজারিয়ার শহীদুল্লাহ সাহেবের বাড়িসংলগ্ন মেঘনা নদীতে ওই কুমির দেখা যায় ।
খেয়া পারাপারের একটি ট্রলারে থাকা যাত্রীরা কুমিরটি দেখতে পায় এবং সেটি দ্রুতই পানির নিচে তলিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, ট্রলারে থাকা কয়েকজন যাত্রী নদীতে কুমিরটি ভাসতে দেখে চিৎকার শুরু করেন।
অন্য যাত্রীরা মোবাইল ফোন বের করে ছবি তোলার চেষ্টা করার আগেই কুমিরটি নদীতে ডুব দেয়। ফলে কেউ সেটির ছবি বা ভিডিও ধারণ করতে পারেননি।
তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, এটি স্পষ্টতই একটি বড় আকৃতির কুমির ছিল।
মেঘনা নদীর এই অববাহিকায় কুমির দেখার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়।
এর আগে গত বছর (২০২৫ সালে) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরাসংলগ্ন মেঘনা নদীতেও একইভাবে কুমির দেখা গিয়েছিল।
পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায়ও কুমির দেখার খবর পাওয়া যায়।
একের পর এক মেঘনা নদীতে কুমিরের উপস্থিতির কারণে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে।
এমএইচ