গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। রোববার সকালে উপজেলার হাইটেক সিটির ২ নম্বর গেট এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডে গাড়িটির ক্ষয়ক্ষতি হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সকালে ৯৯৯-এর মাধ্যমে কালিয়াকৈর হাইটেক সিটির ২ নম্বর গেট এলাকায় একটি প্রাইভেট কারে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে।
গাড়ির চালক মো. শফিকুল ইসলাম জানান, গাড়িটি সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ছড়িয়ে পড়লে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।