জনগণকে সঙ্গে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলা করবে বিএনপি। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তারা এ দেশের মাটিতে কোনো আশ্রয়-প্রশ্রয় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শনিবার বিকেলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় পতিত স্বৈরাচারের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের ফলেই বিএনপি আজ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এই ধারা বজায় রাখতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কেউ পার পাবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি জনগণকে সাথে নিয়ে সব ধরনের অপশক্তি ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।
কোলাপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে মো. রাজিব খান ও মো. সোহেল হামিদের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, মুন্সীগঞ্জ জেলা তাঁতীদলের আহ্বায়ক আল হাদি খান, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক সেলিম ও বাদশা, সদস্য রাজু আহমেদ ও সিদ্দিক এবং শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।