নরসিংদীতে ক্লু-লেস একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত মো. আনোয়ার হোসেন (২৭) ও আশিক (২১) নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেলে সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ।
নিহত সারোয়ার হোসেন (২২) নেত্রকোনার কেন্দুয়া থানার চন্দগাতী এলাকার হাজি রহমানের ছেলে। সে পরিবার নিয়ে নরসিংদী শহরের টাওয়াদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ১৪ জুন দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামের বেরিবাঁধ এলাকা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোঃ আনোয়ার হোসেন (২৭) ও আশিক (২১) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক বিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে- আর্থিক লেনদেন নিয়ে সারোয়ারের সাথে আনোয়ারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৩ জুন কৌশলে ব্যাটারিচালিত অটোরিকসহ তাকে ঘটনাস্থলে নিয়ে গলাকেটে হত্যা করে ফেলে রাখে। এসময় সারোয়ারের ব্যাটারিচালিত অটোরিকশাটির ব্যাটারি খুলে নিয়ে তারা অন্যত্র বিক্রি করে দেয়।
গ্রেপ্তারকৃত মো. আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার হারুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে, সে নরসিংদী শহরের টাওয়াদী এলাকায় ভাড়া থাকতো এবং আশিক নরসিংদী সদর উপজেলার বুদিয়ামারা গ্রামের কবির হোসেনের ছেলে।
এব্যাপারে নিহতের পিতা হাজি রহমান বাদী হয়ে নরসিংদী মডেল থানা একটি মামলা দায়ের করেন। পুলিশ গ্রেপ্তারকৃত দুই জনকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত মোঃ আনোয়ার হোসেনকে তিন দিন এবং আশিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।