গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, ‘ সকাল থেকে আমাদের পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি মোতায়েন রয়েছে। আমরা সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের পুলিশের পক্ষ থেকে প্রায় দুই হাজার ফোর্স-অফিসার মোতায়েন আছেন। সিনিয়র অফিসার—অতিরিক্ত ডিআইজি, এসপি, অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ মিড লেভেলের অনেক কর্মকর্তা এখানে কাজ করছেন।’
তিনি বলেন, ‘জননিরাপত্তা পরিপূর্ণভাবে বজায় রয়েছে। ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা এবং যে চারটি উপজেলা রয়েছে, সেখানেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সামগ্রিকভাবে সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
তিনি আরো বলেন, ‘গতকালের ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে। যারা গ্রেপ্তার হয়েছেন, তারা সবাই এই ঘটনার সঙ্গে জড়িত। আমরা নিরপরাধ কাউকে গ্রেপ্তার করব না। বর্তমানে আমরা চাচ্ছি জনজীবন স্বাভাবিক করতে এবং জননিরাপত্তার জন্য যা যা করা দরকার, পুলিশ তা করবে।’
আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘যেকোনো কর্মসূচি কেন্দ্র করে পুলিশ সেই অনুপাতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাবে। কাজেই আমরা ওই দিনের হুমকি পর্যালোচনা করে পর্যাপ্ত অফিসার ও ফোর্স মোতায়েন করব এবং বিজিবিও কাজ করবে। আইনবহির্ভূত যেকোনো বিষয়ে পুলিশ তার আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রাখবে।’
বিজিবির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জে বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিয়েছেন। বিজিবির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন দেখা গেছে। এ ছাড়া এপিবিএন সদস্যদেরও শহরের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে।
সোমবার ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন সাধারণ মানুষ। শহরের সড়কগুলোতে চলাচল করছে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ গন্তব্যে বের হয়েছে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সব মিলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জের জনজীবন।
এমই