হোম > সারা দেশ > ঢাকা

নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, ভিডিও করতেই সাংবাদিকদের ওপর হামলা

প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের কাশিমপুর এলাকায় মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে ভিডিও করতে গিয়ে হামলার শিকার হন দুই সাংবাদিক। ছবি: আমার দেশ

ফিলিং স্টেশনে ড্রামে করে জ্বালানি তেল বিক্রি হচ্ছে এমন অভিযোগ পেয়ে ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। শনিবার (১৮ এপ্রিল) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাশিমপুর এলাকায় মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার হলেন- দৈনিক ইনকিলাব পত্রিকার ভেদরগঞ্জ সংবাদদাতা জাহিদ হাসান টিপু । এ সময় তাকে বাঁচাতে গিয়ে লাঞ্ছিত হন দৈনিক সমকালের ভেদরগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়। এ ঘটনায় সন্ধ্যায় সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাশিমপুর এলাকার ওই ফিলিং স্টেশনের বিরুদ্ধে অপেক্ষমাণ যানবাহনকে তেল না দিয়ে ড্রামে করে জ্বালানি মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দুই সাংবাদিক তেল বিক্রির চিত্র ভিডিও করতে শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন পাম্প মালিক ফারুক মাদবর ও তার লোকজন।

অভিযোগ রয়েছে, ভিডিও ধারণে বাধা দিয়ে প্রথমে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। একপর্যায়ে পাম্প মালিকের ভাতিজা জামান মাদবরসহ কয়েকজন মিলে সাংবাদিক জাহিদ হাসান টিপুর ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আশিকুর রহমান হৃদয়কেও লাঞ্ছিত করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে জাহিদ হাসান টিপু পাম্প মালিক ফারুক মাদবর ও জামান মাদবরকে অভিযুক্ত করে সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জাহিদ হাসান টিপু বলেন, আমাদের কাছে আগে থেকেই অভিযোগ ছিল, পাম্পটিতে নিয়মিতভাবে ড্রামে করে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করা হয়। ঘটনাস্থলে গিয়ে আমরা সেই চিত্র দেখতে পাই। ভিডিও ধারণ করতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

আশিকুর রহমান হৃদয় বলেন, তারা দাবি করছিলেন তেল প্রশাসনের জন্য রাখা। কিন্তু কোন দপ্তরে যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি। বরং দ্রুত তেল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভিডিও করতে গেলে আমাদের ওপর চড়াও হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। ভেদরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল বাসার বলেন, সাংবাদিকরা অনিয়মের চিত্র তুলে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন, যা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। দ্রুত দোষীদের আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নুরুল আমিন রবিন বলেন, সরকার যখন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে, তখন কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। এর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়।

অভিযোগের বিষয়ে পাম্প মালিক ফারুক মাদবর বলেন, অনেক সময় প্রশাসনের প্রয়োজনে ড্রামে তেল দিতে হয়। সেদিনও তেমন একটি কাজ চলছিল। পরে শুনেছি, আমার ভাতিজা সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছে। সে ভুল করেছে, আমি দুঃখিত।

এ বিষয়ে সখিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ উদ্দিন জানান, সাংবাদিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এআরবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝুট ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

কুলিয়ারচরে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী যুবককে গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৭

দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০