নরসিংদীর পলাশ উপজেলার বাড়ারচর এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়ারচর গ্রামে অবস্থিত ব্যাংকটির জিনারদী শাখায় এই বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের কিছু স্থানে আগুন ধরে যায়। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তা দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শাখাটি।
এলাকাবাসী জানান, দুর্বৃত্তরা শাখাটিতে অন্তত চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় শাখাটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ব্যাংকের নৈশপ্রহরী আফাজউদ্দিন জানান, আমি শুয়েছিলাম। এমন সময় একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজ হওয়ার পর গন্ধ বের হয়। পরে ফটক (গেট) খুলে ওপরে স্যারকে ডেকে এনে বাইরে গিয়ে দেখি আগুন জ্বলছে। এ সময় আমি নিজেই আগুন নেভানোর চেষ্টা করি। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। হামলাকারী কতজন ছিল তা সঠিক বলতে না পারলেও তিনি জানান, সংখ্যায় তারা একাধিক ছিল এবং তাঁরা বের হওয়ার আগেই দুর্বৃত্তরা চলে যায়।
গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) সুমি জানান, পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যাংকের ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা হয়। পলাশ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
এদিকে খবর পেয়ে রাতেই পলাশ থানা-পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীসহ ব্যাংকটিতে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।