হোম > সারা দেশ > ঢাকা

পুলিশকে ‘মাইরা ফালামু’ হুমকি দিয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, গাজীপুর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গাজীপুর মহানগর যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিছিল থেকে কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকি দিয়ে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার সকালে গাজীপুর মহানগরের বাসন থানাধীন কলম্বিয়া গার্মেন্টস ও শাকিল এন্টারপ্রাইজ এলাকার সামনে থেকে ২০ থেকে ৩০ জনের একটি দল ব্যানার হাতে মিছিল বের করে। মিছিলটি মহাসড়ক দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে বহন করা ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। এছাড়া ব্যানারের এক পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকারের ছবি দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে মহাসড়কের বিপরীত দিক থেকে কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে এলে মিছিলে অংশ নেওয়া কয়েকজন তাঁদের উদ্দেশে উচ্চস্বরে হুমকিমূলক বক্তব্য দেন। ভিডিওতে তাঁদের বলতে শোনা যায়, 'ওই, একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু।' একই সঙ্গে মিছিলকারীরা 'রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই' এবং 'যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন'-এ ধরনের স্লোগানও দেন।

ঘটনার বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশ দেখেছে। তবে এটি আজকের ঘটনার ভিডিও নাকি আগের কোনো ঘটনার, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, সকালে একটি মিছিল হওয়ার তথ্য তারা পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ কাজ করছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাটির সব দিক খতিয়ে দেখছে বলে জানান পুলিশ কমিশনার।

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে পুলিশ হেফাজতে বিএনপি এমপির ছেলে

সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

সালিশে তর্ক থামাতেই ধমকের স্বরে কথা বলেছি

ডিবি হেফাজতে অসুস্থ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, হাসপাতালে মৃত্যু

নিখোঁজের দুই দিন পর বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার, প্রেমিকাসহ আটক ৩

কোটালীপাড়ায় ব্রিজে বড় গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল

হাওরে মাছ ধরা বন্ধ, অর্ধাহারে অনাহারে জেলেরা

ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন