প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের পথে নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহর লক্ষ্য করে ইট নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মাদারীপুর জেলা পুলিশ। তদন্ত শেষে পুলিশ বলছে, গাড়ির বহরের সামনে থাকা একটি গাড়ির চাকা থেকে ছিটকে আসা ইটের টুকরাকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান।
পুলিশ সুপার বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে প্রাথমিকভাবে জানা গেছে, প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইট নিক্ষেপ করেনি। ভিডিওতে যে ইটের টুকরা দেখা গেছে, সেটি সামনের গাড়ির চাকা থেকে ছিটকে এসেছে।
তিনি বলেন, বিষয়টি নজরে আসার পর পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত শুরু করেন। তদন্তে গাড়িবহরে ইট নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বলেও জানান তিনি।
এর আগে সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর মহাসড়ক দিয়ে যাচ্ছিল। তাঁকে বহনকারী বাসের সামনে ও পেছনে একাধিক গাড়ি ছিল। সড়কের পাশে থাকা কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। একপর্যায়ে বাসের পেছনে থাকা একটি গাড়ির সামনে ইটের টুকরা এসে পড়তে দেখা যায়।
পুলিশ সুপার হাবিবুর রহমান আরও বলেন, বিষয়টি নিয়ে রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।