শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের প্রায় ৫০ মিটার ধসে পড়েছে। একই সড়কের আরো পাঁচটি স্থানে ছোট ছোট অংশে ধস এবং চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে সড়কটির কাজের মান নিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ঠিকাদারের দাবি, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে সড়ক ধসে পড়েছে। অন্যদিকে, ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্ট এলজিইডি প্রকৌশলী। বক্তব্য দিলে ‘সমস্যা হবে’ বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের পক্ষে কাজটি বাস্তবায়ন করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।
সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। কিন্তু কাজ শেষ হওয়ার এক সপ্তাহ না পেরোতেই সড়কের প্রায় ৫০ মিটার অংশজুড়ে ধস দেখা দেয়। ওই অংশে পিচের আস্তরণসহ নিচের মাটি সরে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। শুধু একটি স্থানেই নয়, সড়কের আরো অন্তত পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়েছে। পাশাপাশি চারটি স্থানে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় পাশের খাল থেকে মাটি কেটে এনে সড়কের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছে। অথচ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় পাইলিং কিংবা মাটি ধরে রাখার ব্যবস্থা করা হয়নি। এতে সড়কের পাশের মাটি সরে গিয়ে ধস ও ফাটলের সৃষ্টি হয়েছে।
তাদের দাবি, বর্তমানে যে অংশটি প্রায় ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, নির্মাণকাজ চলাকালীন সময় ওই স্থান ভেঙে পড়েছিল। তখন যথাযথভাবে মেরামত ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়ে দায়সারাভাবে কাজ শেষ করা হয়। ফলে কার্পেটিংয়ের মাত্র সাত দিনের মাথায় একই স্থানে আবারো ধস দেখা দিয়েছে।
আরেক বাসিন্দা মো. নিজাম ঢালী বলেন, ‘রাস্তার পাশে পাইলিং করা প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি। উল্টো রাস্তার পাশ থেকেই মাটি কেটে সড়কে ব্যবহার করা হয়েছে। পাশে মাটি না থাকলে রাস্তা টিকবে কীভাবে?
অভিযোগের বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, ‘টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে। যেহেতু এটি নির্মাণাধীন কাজ, তাই ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে দেওয়া হবে।’ স্থানীয়দের নির্মাণকাজের মান নিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয়রা কী বলল না বলল, সেটা কোনো বিষয় না। তারা কাজের কী বোঝে?’
গোসাইরহাট উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপনে ধারণ করা বক্তব্যে তিনি বলেন, ‘আমি কোনো বক্তব্য দিতে পারব না, আমার সমস্যা হবে। আপনাদের কোনো বক্তব্য নেওয়ারও দরকার নেই। আপনারা জিয়া ভাইয়ের সঙ্গে কথা বলেন, তাহলেই হবে।’
এমই