হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে নানা আয়োজনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

পুষ্পস্তবক অর্পণ। ছবি: আমার দেশ

টাঙ্গাইলে নানা আয়োজনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় মাজার। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভক্ত ও মুরিদানদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ।

দুপুরে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। এ ছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং গণঅধিকার পরিষদের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে মওলানা ভাসানীর পরিবারের সদস্যরা তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। ভোরে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও সহ-উপাচার্য অধ্যাপক আনিছুর রহমানের নেতৃত্বে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন এবং ভাসানীর ভক্ত-অনুসারীরা মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে, মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষ মাজার প্রাঙ্গণে স্মরণসভা আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু ও আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির, বিএনপির সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু প্রমুখ।

স্মরণসভায় বক্তারা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। তিনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। তাঁর আদর্শ বুকে ধারণ করেই সামনের পথে এগিয়ে যেতে হবে। স্বাধীনতাযুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এ দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁরা কখনো অন্যায়ের কাছে আপস করেননি।

বক্তারা আরও বলেন, যারা এ দেশে গণতন্ত্র হরণ করে বাকশাল কায়েম করেছিল, তারাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছে। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ কায়েম করে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আন্দোলন-সংগ্রামে অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এমনকি শিশুদেরও হত্যা করা হয়েছে।

তাঁরা বলেন, জনগণের মাধ্যমে বিতাড়িত সেই অপশক্তি আবারও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা সাময়িকভাবে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তবে বাংলাদেশের জনগণ কোনোভাবেই তাদের দেশের রাজনীতিতে জায়গা দেবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, বাড়িতে বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা কোনো রাজনৈতিক দল করতে পারে না। এ ধরনের কাজ ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও খুনিরাই করতে পারে। এই অপশক্তি যাতে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে ব্যাপারে দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। পাড়া-মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের দোসর ও বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে হবে।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এমপির মোটরসাইকেল র‍্যালি

পুলিশ ফাঁড়ির গেটসহ ধামরাইয়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টাধাওয়া

টঙ্গীতে পুলিশের ধাওয়ায় অবরোধ থেকে সরলেন শ্রমিকেরা, অর্ধশতাধিক কারখানায় ছুটি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, শ্রমিক বিক্ষোভে অর্ধশত কারখানায় ছুটি

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কর্মস্থলে ফিরলেন পোশাকশ্রমিকেরা

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৫ পোশাক কারখানা

গোপালগঞ্জে নতুন করে ১০ প্লাটুন বিজিবি, সদর দপ্তর থেকে নজরদারি