ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে আবারো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করেছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ইকোটেক্স ও ডিভাইন কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি, শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। ফলে ওই এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা নিয়ন্ত্রণে আসে।
শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
এমই