গাজীপুরের টঙ্গীতে সাতাইশ এলাকায় প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে মাস্কো গ্রুপ।শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) নাজমুল হুদা আহমেদ।
উদ্বোধনকালে তিনি বলেন, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমাতে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালনা করে আসছি। আশা করছি, ড্রেন পরিষ্কার হলে জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে। এতে এই এলাকায় শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।
আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাস্কো গ্রুপের নাসির উদ্দিন, গাজী মো. মনিরুজ্জামান, রুহুল আমিন রিপন এবং মাস্কো গ্রুপ জোনের সিনিয়র ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের ব্যবস্থাপকরা।
স্থানীয় বাসিন্দা মো. আশরাফুল ইসলাম বলেন,বৃষ্টি হলেই আমাদের এলাকায় পানি জমে যায়। অনেক সময় কয়েক দিন পর্যন্ত পানি থাকে। এতে চলাচল করা খুব কষ্টকর হয়ে পড়ে। ড্রেন পরিষ্কারের এই উদ্যোগটি নিয়মিত হলে আমাদের ভোগান্তি অনেক কমবে।
মাস্কো গ্রুপের শ্রমিক শাহনাজ বলেন, প্রতিদিন এই রাস্তায় দিয়ে কাজে যেতে হয়। পানি জমে থাকলে খুব সমস্যায় পড়তে হয়, অনেক সময় দেরিও হয়ে যায়। ড্রেন পরিষ্কার করলে আমাদের জন্য চলাচল অনেক সহজ হবে।
সাতাইশ শরিফ মার্কেট এলাকার ব্যবসায়ী আল-আমিন বলেন, জলাবদ্ধতার কারণে আমাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়। ক্রেতারা আসতে চান না। এই উদ্যোগের ফলে যদি পানি কমে, তাহলে ব্যবসায়ও ইতিবাচক প্রভাব পড়বে।
মাস্কো গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা সাত কর্মদিবস ধরে এই ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকায় জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।