মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে আলুবোঝাই ট্রাকের চাপায় সিয়াম হাওলাদার (১৩) নামে এক কিশোর ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে।
রোববার রাত ৮টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম বলই গ্রামের মৃত অলি হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম বাড়ির পাশে বলই-আড়িয়ল পাকা সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা মেট্রো-ট ২-৫৬৭ নম্বরের একটি আলুবোঝাই ট্রাক আড়িয়লের দিক থেকে দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে। আটক চালক মো. রমজান, পিতা কদ্দুস বেপারী, বাড়ি টংগিবাড়ীর আব্দুল্লাহপুর গ্রামে।
খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও ট্রাক উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
টংগিবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে এবং আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমএইচ