হোম > সারা দেশ > ঢাকা

খননের পর উধাও জিয়া খালের মাটি, যুবলীগ-ছাত্রলীগ ও ছাত্রদলের সাবেক নেতার নামে মামলা

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরের ইসলামপুরে রাতের আঁধারে জিয়া খাল থেকে প্রায় ১০ হাজার ঘনফুট মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা এবং ছাত্রদলের সাবেক এক নেতার নাম উল্লেখ করা হয়েছে। তবে মামলা হওয়ার ১০ দিনের বেশি সময় পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মাটি কাটায় খালের পাড় ও পাশের চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, গত ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত কয়েক রাত ধরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের তেঘরিয়া অংশে খালটি থেকে মাটি কেটে নিয়ে যায় চক্রটি। সরেজমিনে খালের বিভিন্ন স্থানে মাটি কাটার চিহ্ন দেখা গেছে। এতে খালের পাড়ের পাশাপাশি মানুষের চলাচলের পথও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষকদের জমিতে যাতায়াত ও কৃষিকাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, খালের পাড় কেটে নেওয়ায় আগামী বর্ষায় বৃষ্টির পানি ও স্রোতে ক্ষতিগ্রস্ত অংশ আরো ভেঙে পড়তে পারে। এতে খালের পাশাপাশি আশপাশের কৃষিজমিও হুমকির মুখে পড়বে।

স্থানীয়ভাবে জিয়া খাল নামে পরিচিত খালটির প্রকৃত নাম কাটাখালি খাল। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খনন করায় এটি জিয়া খাল নামে পরিচিতি পায়। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় সম্প্রতি এটি আবারও খনন করা হয়। আট কিলোমিটার দীর্ঘ খালটি খননে বরাদ্দ ছিল ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা। তবে প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ১৬৪ টাকা। খননকাজ শেষ হওয়ার পরপরই খালের মাটি কেটে নেওয়ার অভিযোগ ওঠে।

খালের পাশের টুংরাপাড়া গ্রামের বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘এই খালটা জিয়াউর রহমানের খনন করা খাল। এখন এই খাল তারেক জিয়া খনন করাইছে। খালটা খননের পর এখানে যে মাটি ছিল, সেই মাটির প্রায় সবই তারা কেটে নিয়ে গেছে। আমরা তাদের জিজ্ঞাসা করেছিলাম, কেন মাটি কাটছে। তারা বলেছে, ইউএনও স্যার নাকি আরো বেশি মাটি কাটবেন। এ ধরনের কথা বলেছে। তাই ভয়ে আমরা কিছু বলতে সাহস পাইনি।’

নূর হোসেন নামে আরেক বাসিন্দা বলেন, খালের মাটি কেটে নেওয়ায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্ষায় বৃষ্টির পানি নামলে কাটা অংশের মাটি ধুয়ে যেতে পারে। খালের পাড়ে গাছ লাগানোর সুযোগও ছিল। কিন্তু মাটি না থাকায় সেই সম্ভাবনা নষ্ট হয়েছে।

এ ঘটনায় গত ১৫ নভেম্বর ইসলামপুর থানায় মামলা করেন গাইবান্ধা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহজাহান কবীর আকন্দ। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক এবং ইসলামপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

মামলার বাদী শাহজাহান কবীর আকন্দ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনের পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ১৫ নভেম্বর নিয়মিত মামলা করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার জানা মতে, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযুক্তদের কয়েকজন ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে মনিরুল ইসলামের ছাত্রদলের পদ সম্পর্কে জানতে চাইলে ইসলামপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আসনাদ হোসেন সোহান বলেন, মনিরুল ইসলাম তার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ওই কমিটির মেয়াদ ছিল ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত। বর্তমানে তিনি দলীয় অন্য কোনো পদে আছেন কি না, তা তার জানা নেই।

এদিকে, মনিরুল ইসলাম বর্তমানে কোনো দলীয় পদে না থাকায় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, ইসলামপুর থানা ঘটনাটি তদন্ত করছে। তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পর উদ্ধার করা মাটি ও অন্যান্য আনুষঙ্গিক আইনগত বিষয় সম্পন্ন করে দ্রুত আদালতে পুলিশ প্রতিবেদন দেওয়া হবে।

এদিকে খালের ক্ষতিগ্রস্ত অংশে সাময়িক মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুরের ইউএনও শাহ মো. জুবায়ের। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত মেরামতের ব্যবস্থা করা হয়েছে। খালের পাড়ে বাঁধ দেওয়া হয়েছে, যাতে নতুন করে ভাঙন বা দুর্ঘটনা না ঘটে।

এমএমআর

গাজীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

চরভদ্রাসনে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

হামলা-ভাঙচুরের পর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

একসঙ্গে তিন পুত্রসন্তানের জননী হলেন এক গৃহবধূ

লকডাউন ঘিরে গোপালগঞ্জে সতর্কতা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

সাভারে পার্কিং করা তিন বাসে আগুন, আটক ৬

গজারিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি