গাজীপুরের টঙ্গী রেলওয়ে আউটার সিগন্যালে জামালপুর এক্সপ্রেস ট্রেনে গণছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী রেলওয়ে জংশনের উত্তর পাশে বনমালা আউটার সিগন্যালে।
এ সময় সশস্ত্র ছিনতাইকারিরা ট্রেন যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
জামালপুর কমিউটার এক্সপ্রেস ট্রেনের যাত্রী মোস্তাফিজ বুলবুল জানান, জামালপুর থেকে ঢাকাগামী ‘জামালপুর কমিউটার এক্সপ্রেস’ ট্রেনটি মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী বনমালা রেলওয়ে আউটার সিগন্যালে এসে থামে। এসময় অতর্কিতভাবে ১০-১৫ জন সশস্ত্র ছিনতাইকারি ট্রেনে উঠে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে ফেলে। পরে তাদের কাছে থাকা মোবাইল ফোন, ঘড়ি, টাকা-পয়সাসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে বেশ কয়েকজন যাত্রীকে ছিনতাইকারিরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর আলম হোসেন বলেন, এ ঘটনায় ফাঁড়িতে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া টঙ্গী রেলওয়ে আউটার সিগন্যালগুলোতে অতিরিক্ত নজরদারি রাখা হবে।
জেডএম