হোম > সারা দেশ > ঢাকা

সখীপুরে মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম

আনোয়ার কবির, সখীপুর (টাঙ্গাইল)

অপরিকল্পিত নির্মাণ ও গাইড ওয়াল না থাকায় ধসের ঝুঁকিতে সখীপুর মিনি স্টেডিয়াম । আমার দেশ

টাঙ্গাইলের সখীপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনি স্টেডিয়ামের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও অপরিকল্পিত ব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান সরেজমিনে স্টেডিয়ামটি পরিদর্শন করে কাজের নিম্নমান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের চূড়ান্ত বিল আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে চার মাস আগে কাজ শেষ হলেও হস্তান্তর ও উদ্বোধন প্রক্রিয়া থমকে আছে।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তত্ত্বাবধানে ২০২৩ সালের ৪ এপ্রিল উপজেলার শোলাপ্রতিমা বাজারসংলগ্ন সাড়ে তিন একর জমির ওপর তৎকালীন ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শুরুতে ঢাকার ‘মজুমদার ট্রেডার্স’ কাজটি পেলেও ২০২৪ সালের জুলাই বিপ্লবের আগে মাত্র ৩০ শতাংশ কাজ করে অতিরিক্ত প্রায় ৭৩ লাখ টাকা বিল তুলে নেয়। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিষ্ঠানটি কাজ ফেলে পালিয়ে গেলে প্রকল্পটি অনিশ্চয়তায় পড়ে। পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘সখীপুর মিনি স্টেডিয়াম’ রাখা হয় এবং বাকি কাজ শেষ করার দায়িত্ব পায় ঢাকার ‘টেকনিফ করপোরেশন’।

সরেজমিনে ঘুরে স্টেডিয়াম নির্মাণে ভয়াবহ সব ত্রুটি দেখা গেছে। বাংলাদেশে সূর্যের আলোর দিক বিবেচনায় সাধারণত উত্তর-দক্ষিণমুখী মাঠ নির্মাণ করা হলেও এটি তৈরি করা হয়েছে পূর্ব-পশ্চিমমুখী করে। এতে বিকেলে খেলার সময় এক পক্ষের খেলোয়াড়দের চোখে সরাসরি সূর্যের আলো পড়ে খেলায় বিঘ্ন ঘটবে। এ ছাড়া গোলবারের আদর্শ উচ্চতা ৮ ফুট হওয়ার কথা থাকলেও মাপে দেখা গেছে সাড়ে ৭ ফুট।

স্টেডিয়ামটির দক্ষিণ-পশ্চিম কোণে নবনির্মিত ওয়াশব্লক এবং পশ্চিম পাশের গ্যালারির পাশ থেকেই গভীর গর্ত করে মাটি কেটে মাঠ ভরাট করা হয়েছে। কোনো গাইড ওয়াল না থাকায় এবং চারপাশ ১৫ থেকে ২০ ফুট গভীর হওয়ায় যেকোনো সময় ওয়াশব্লক ও গ্যালারি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। সাময়িকভাবে বাঁশের খুঁটি ও চাটাই দিয়ে মাটি আটকে রাখার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে, প্যাভিলিয়ন ও দক্ষিণ পাশের গ্যালারি এমনভাবে তৈরি করা হয়েছে যে, সেখান থেকে মাঠের এক-চতুর্থাংশ এবং একটি গোলবার দেখাই যায় না। পাশাপাশি মাঠে দোআঁশ বা বালুমাটির পরিবর্তে এঁটেল মাটি ব্যবহার করায় তা শুকিয়ে শক্ত হয়ে খেলার অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সখীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার মিজানুর রহমান ডালিম বলেন, ‘গ্যালারিতে বসে পুরো মাঠ দেখা যায় না, মাঠের মাটিও অসমান। গোলবারের উচ্চতা কম হওয়া একটি চরম ত্রুটি।’

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আশরাফুল আলম সরেজমিন তদন্ত করে অনিয়মের সত্যতা পান এবং জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত প্রতিবেদন পাঠান। তিনি জানান, প্রতিবেদন পাঠানোর পর ক্রীড়া পরিষদের হস্তক্ষেপে ঠিকাদার কিছু সংস্কারকাজ করেছেন।

এ বিষয়ে আহমেদ আযম খান বলেন, ‘পূর্ববর্তী সরকারের আমলে কাজটি শুরু হওয়ায় প্রশাসনের কাছে এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য ছিল না। আমি পরিদর্শনে গিয়ে কাজের নিম্নমান দেখে চরম অসন্তোষ প্রকাশ করেছি এবং ঠিকাদারকে অনিয়মের বিষয়ে জানাতে বলেছি। কিন্তু ঠিকাদার আজ পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ করেননি।’ দ্রুত এসব ত্রুটি সংস্কার না হওয়া পর্যন্ত স্টেডিয়ামটি বুঝে নেওয়া বা উদ্বোধন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ছাই ছেঁকে স্বর্ণ বের করেন সিংগাইরের কারিগররা

পদ্মার এক কাতলের দাম ৫৭ হাজার টাকা, ওজন ২৩ কেজি

আপনি আমাকে প্রশ্ন করার কে

মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ, শ্রমিক-পুলিশ মুখোমুখি

কাপাসিয়ায় সড়কে নাশকতার চেষ্টা: আ.লীগ-যুবলীগের ১১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য

মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২