বর্তমান সরকার একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে এবং সেখানে নাগরিকরা শিক্ষা, গবেষণা ও দক্ষতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
তিনি বলেন, শিশু-কিশোরদের মোবাইলের অপব্যবহার ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে বিজ্ঞানমনস্ক, নৈতিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শুক্রবার খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান অতিথি হুইপ আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে আজকের বিশ্বের জীবনযাত্রা দিন দিন আরও আধুনিক ও সমৃদ্ধ হচ্ছে। জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। তিনি বলেন, মোবাইল ফোনকে শুধু যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে, দেশ গড়ার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ।
তিন দিনব্যাপী মেলায় খুলনা বিভাগের ১০টি জেলার ৬০টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী ও আইডিয়া প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এএস