বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. মিন্টু শেখ (৪৬) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায় তার ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়ার ও অভিযোগ করেছেন স্বজনরা।
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বোলপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মিন্টু শেখ বোলপুর গ্রামের আব্দুল ওয়াহেদ শেখের ছেলে। সন্ধ্যা ৭টার দিকে স্বজনরা মিন্টু শেখকে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান।
নিহতের ভাই মিজান শেখ জানান, সোমবার বিকেল কাজ শেষে একা বাড়ি ফিরছিলেন মিন্টু শেখ। পথে পূর্ব রাজনৈতিক ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ১৫ থেকে ১৬ জনের একটি দল দেশি ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, আমরা এর আগে একটি হত্যা মামলার সাক্ষী ছিলাম। সেই ঘটনার জের এবং জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাকে টার্গেট করে আসছিল। এর আগেও কয়েকবার তার ওপর হামলার চেষ্টা করা হয়।
মিজান শেখ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ভাইকে কুপিয়ে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যাচ্ছে। তখনও ভাই অল্প কথা বলতে পারছিল। কারা হামলা করেছে, তাদের কয়েকজনের নামও বলেছে। প্রায় ১০ মিনিট পর আমাদের সামনেই তিনি মারা যায়।
তিনি অভিযোগ করেন, মহাসিন শেখের নেতৃত্বে হামলায় অংশ নেয় দুলাল শেখ, লিওন, কামরুল, মুরাদ, সাইয়াদ, তবি ও আরও কয়েকজন।
নিহতের চাচাতো ভাই রফিজ শেখ বলেন, আমাদের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ রয়েছে। আগেও তারা আমাদের কয়েকবার হুমকি দিয়েছে। হামলার পর মিন্টুর বিচ্ছিন্ন হাত সঙ্গে করে নিয়ে যায় হামলাকারীরা। চারপাশে খুঁজেও হাতটি পাওয়া যায়নি।
স্থানীয় যুবক রিয়াদ শেখ বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি একটি হাত নেই, পা ঝুলে আছে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। তখনই বুঝতে পারি তিনি মারা গেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জানান, হাসপাতালে আনার আগেই মিন্টু শেখের মৃত্যু হয়েছে। তার ডান হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন ছিল এবং পায়েও গুরুতর জখম ছিল।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএইচ