সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখে এ ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে জানা গেছে, সকালে আতিয়ার রহমানসহ কয়েকজন জেলে সুন্দরবনে কাঁকড়া আহরণে যান। এ সময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে এসে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন। পরে সঙ্গে থাকা অন্যান্য জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যায়।
ঘটনার পর থেকে ওই এলাকার জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বনদস্যুদের দৌরাত্ম্য রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান তাদের কার্যালয়ে আসেন। পরে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একই সঙ্গে বিষয়টি শ্যামনগর থানা পুলিশ ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, বনদস্যু দমনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে এবং আহত জেলের খোঁজখবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।