নড়াইলের লোহাগড়া উপজেলায় ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচার মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত হাসানুর শেখ (৫০) ওই গ্রামের সাত্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সুপারিগাছে পানি দেওয়াকে কেন্দ্র করে হাসানুর শেখের সঙ্গে তার ভাতিজা মামুন শেখ, আরমান শেখ ও ভাই হাসদেল শেখসহ সাত-আটজনের কথাকাটাকাটি হয়। তর্কাতর্কির একপর্যায়ে মামুন শেখ ধারালো দেশীয় অস্ত্র (ভেলা) দিয়ে হাসানুরকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় হাসানুরের চিৎকারে স্বজনেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।