সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার দর্শনা রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম।
অভিযানকালে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র, রেজিস্ট্রেশন ও ট্রাফিক আইন প্রতিপালনের বিষয়গুলো তদারকি করা হয়। বিশেষ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং দুজনের অধিক আরোহী নিয়ে চলাচলের অভিযোগে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৬টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে। এ সময় চালক ও সাধারণ মানুষের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন।
এএস