যশোরের অভয়নগরে একটি মাছের ঘেরে বিষ বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে। এতে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ঘের মালিক।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত গভীর রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের পশ্চিমপাড়ায় বালিয়াডাঙ্গা বিলে শেখ রফছানের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বুধবার (২৭ মে) দুপুরে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঘের মালিক।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক শেখ রফছান জানান, চার বিঘা জমির মাছের ঘেরে চিংড়ি, কাতলা, রুই ও মৃগেল মাছ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় মাছের খাবার দিয়ে ঘের থেকে বাড়ি ফিরে যান তিনি। সকালে ঘেরে এসে দেখেন মাছ মরে ভেসে রয়েছে। তবে বাছাইকৃত চিংড়ি মাছগুলো চুরি হয়ে গেছে।
শেখ রফছান আরো বলেন, সম্প্রতি হিদিয়া বাজারে মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশকে কেন্দ্র করে চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারীরা বিষ বা গ্যাস ট্যাবলটে প্রয়োগ করে আমার ঘেরের সব মাছ মেরে ফেলেছে। এতে আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর বুধবার দুপুরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছি।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মাছ মেরে ফেলার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।