খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শাহিনুর শেখ (৪৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শাহিনুর শেখ রূপসা উপজেলার তালতলা এলাকার মৃত আতিয়ার শেখের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে তালতলা এলাকায় বেটার চায়ের দোকানে বসে ছিলেন শাহিনুর। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে।
এর মধ্যে একটি গুলি তার বাম পায়ের উরুতে বিদ্ধ হয়, অপরটি কপালের পাশ ঘেঁষে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি।
রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এমই