পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সিঙ্গারটেক এলাকায় বনদস্যু করিম-শরীফ বাহিনীর সঙ্গে বনরক্ষীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ ঘটনায় জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দুটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম।
উদ্ধার হওয়া জেলেরা হলেন— শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মাসুম খান, বটিয়াঘাটা উপজেলার বুজনুনিয়া গ্রামের নাছিম আলী, দাকোপ উপজেলার পানখালী গ্রামের ইরাক শেখ এবং শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মো. হাসান।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের সদস্যরা সিঙ্গারটেক এলাকায় যৌথ টহল পরিচালনা করছিলেন। এ সময় বনদস্যুদের উপস্থিতি টের পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে বনদস্যুরা বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বনকর্মীরাও পাল্টা গুলি চালান।
বন্দুকযুদ্ধের একপর্যায়ে বনদস্যুরা তাদের ব্যবহৃত ট্রলার এবং জিম্মি করে রাখা চার জেলেকে ফেলে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা জেলেদের উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়িতে নিয়ে যান।
সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।