হোম > সারা দেশ > খুলনা

কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপে প্রতিবাদ, মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

খুলনা ব্যুরো

খুলনায় কাঁচাপাট রপ্তানির ওপর শর্ত প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকালে দৌলতপুর রেলগেট মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা টায়ারে আগুন ধরিয়ে ও ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন।

দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে কর্মসূচিতে শ্রমিকরা নগরীর রেলগেট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন। এ সময় উত্তেজিত শ্রমিকদের একটি অংশ ভবনের বাইরে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ‘ষড়যন্ত্রমূলক’ শর্ত আরোপের পর থেকে পাট খাত মারাত্মক সংকটে পড়েছে। গত নয় মাস ধরে অসংখ্য শ্রমিক কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন তারা। শ্রমিকরা দ্রুত কাঁচা পাট রপ্তানি চালুর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)।

ওইদিন বেলা ১১টায় দৌলতপুর বিজেএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, প্রজ্ঞাপনের মাধ্যমে কাঁচা পাট রপ্তানিতে এমন শর্ত আরোপ করা হয়েছে, যা কার্যত রপ্তানি বন্ধের শামিল। এর ফলে দেশের কাঁচা পাট রপ্তানিকারকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এবং সংশ্লিষ্ট খাতের লক্ষাধিক শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন।

তাদের দাবি, দেশের পাটকল ও অভ্যন্তরীণ চাহিদা পূরণের পরও প্রতিবছর ৮ থেকে ১০ লাখ বেল কাঁচা পাট বিদেশে রপ্তানি করা সম্ভব হয়। এর মাধ্যমে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। কিন্তু রপ্তানিতে শর্ত আরোপের কারণে ২০২৫-২৬ অর্থবছরের নভেম্বর পর্যন্ত মাত্র ৮৬ হাজার ৩৬৭ বেল পাট রপ্তানি হয়েছে, যা থেকে এসেছে মাত্র ১৪৭ কোটি ৩৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা।

এ সময় উপস্থিত ছিলেন বিজেএ’র পরিচালক মোহাম্মদ কুতুবউদ্দিন হাওলাদার, মো: খাইরুজ্জামান, ইমাম হোসেন, বদরুল আলম মার্কিন, শামীম আহমেদ, প্রিন্স মাহমুদ, খান আলমগীর, সাইফুল ইসলাম মানু, রঞ্জন কুমার লিটন, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু প্রমুখ।

এমই

খুলনায় খাদ্য পরিবহন ঠিকাদারকে গুলি

পচা ডিম ও নিম্নমানের খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা

মহেশপুরে আঙুর চাষ বদলে দিয়েছে কৃষকের জীবন

বাগেরহাটে দিনমজুরকে নৃশংসভাবে হত্যা

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে একজন নিহত, আহত ৩

ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ ২ জ‌নের মৃত্যু, আহত ৫

শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অফিস সহায়কের কক্ষ থেকে হাজিরা মেশিন উদ্ধার

গুলিতে নিহত জেলের লাশ নিয়ে বিক্ষোভ, বন অফিসে হামলায় আহত ৫