বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতা
বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পার নোয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।
নিহতের বড় ভাই এনামুল কবির সরদার অভিযোগ করেন, এলাকায় ধানের শীষের সমর্থকরা ঘোড়া প্রতীকের সমর্থকদের খুঁজছিল। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা খুলনায় পাঠান। পরে শনিবার বেলা সাড়ে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, ওসমান সরদারের মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।