ঝিনাইদহে দলীয় পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
তিনি বলেন, ঝিনাইদহে কেউ যদি দলীয় পরিচয়ে চাঁদাবাজি করে তাহলে সংশ্লিষ্ট দলের নেতাদের প্রতি আহ্বান থাকবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দায়ি কর্মীকে পলিশে সোপর্দ করুণ।
বুধবার ঝিনাইদহের একটি হোটেলে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং মাদক দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এ কথা বলেন।
তিনি কতিপয় উপদেষ্টাকে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, আপনারা কেউ কেউ কিংস পার্টি গঠন করার চেষ্টা করছেন। কিন্তু এটা যদি আপনারা করেন তবে সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে দেশের মানুষ। কিংস পার্টিকে দেশের মানুষ গ্রহণ করবে না। কারণ তারা সরকারের সুবিধাভোগী।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দুইবার দেশে গণহত্যা চালিয়েছে। শেখ মুজিব একবার ৭১ পরবর্তী জাসদসহ বিভিন্ন দলের ত্রিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ২৪ সালে হাসিনা দ্বিতীয়বার গণহত্যা চালিয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে পাপিষ্ঠ এক ফ্যাসিস্ট রেজিম প্রতিষ্ঠা করেছিল। আওয়ামী লীগ ১৬ বছরে দেশে লুটপাট, চাঁদাবাজি, গণহত্যা, গুম-খুনের ভয়াল রাজত্ব কায়েম করেছিল।
তিনি আরও বলেন, দেশে আওয়ামী রেজিমের পতন ঘটেছে। দেশে আর তাদের রাজনীতি চলবে না। জুলাই বিপ্লবে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো যদি ঐক্য ধরে রাখতে না পারে, তাহলে বিপ্লব ব্যর্থ হবে। আর বিপ্লব ব্যর্থ হলে আওয়ামী লীগ আবার দেশে ফিরে কাউকে রেহাই দেবে না, সবাইকে ফাঁসিতে ঝুলাবে। তাই নিজেদের মধ্যে আস্থা ধরে রাখুন।
জেলা যুব অধিকার পরিষদের সভাপতি রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, আব্দুল্লাহ আল মামুন ও আল সোয়াইব মেরাজ প্রমুখ।
এমএস