খুলনার পাইকগাছায় মব সৃষ্টি করে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. নাজমুল হুদা মিন্টুকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বিকেলে নগরীর খানজাহান আলী রোড একটি মোটর বাইকের শোরুম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, বিকেল ৫টার দিকে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানার খানজাহান আলী রোডের এস এন্ড এ মোটরসের শোরুমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নাজমুল হুদা পাইকগাছা থানার হাসান সরদার হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি।
জানা গেছে, গত ৭ জুন সন্ধ্যায় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাট এলাকায় হাসান সরদার নামে এক যুবককে কয়েক ঘন্টাব্যাপি দফায় দফায় মারপিট করা হয়। দোকানের পাশে প্রসাব করার প্রতিবাদ করায় কুদ্দুস গাজীর ফোন পেয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও গরুর হাটের ইজারাদার মিন্টু সহ তার অনুসারীরা ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনা ঘটান। রাত ৮টার দিকে হাসান অচেতন হয়ে পড়লে তাকে নসিমন যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রোগী মারা গেছেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিহত হাসান সরদার মাদক সেবন ও বিক্রি, চুরি, ছিনতাই, হাটে আগতদের হয়রানি, নারী উত্যক্ত করা সহ নানা অপরাধে জড়িত ছিল। তার ওপর স্থানীয়দের ক্ষোভ ছিল দীর্ঘদিনের।
সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পোস্টমর্টেম শেষে গ্রামের বাড়িতে হাসানের দাফন সম্পন্ন হয়। নিহতের পিতা আব্দুল মালেক সরদার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ এবং আরো ৮/১০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামী করে পাইকগাছা থানায় মামলা করেন।