দেশের বিভিন্ন স্থানে রাতের আঁধারে চলছে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার মহোৎসব। এতে করে হুমকির মুখে পড়েছে আবাসিক এলাকা ও কৃষিজমি । কমে যাচ্ছে কৃষিজমি ও উৎপাদন ।
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে চিত্রা নদী থেকে মাটি কাটার মহোৎসব চলছে। দিনের আলো নিভে সন্ধ্যা নামলেই নদীর বুকে শুরু হয় ভেকু মেশিনের তাণ্ডব। গভীর রাত পর্যন্ত চলে মাটি কাটার কাজ। পরে ট্রাক্টর যোগে এসব মাটি স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন নদীর স্বাভাবিক পরিবেশ ও গতিপ্রবাহ হুমকির মুখে পড়ছে, অন্যদিকে ট্রাক্টরের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। ফলে মাটি কাটার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী সিন্ডিকেটের ভূমিকা এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।
কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর, মাগুরা, পাঁচকাহুনিয়াসহ কয়েকটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর বিভিন্ন স্থান থেকে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, রাতে নদী থেকে মাটি কাটার বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। জনবল সংকটের কারণে রাতে অভিযান পরিচালনা ও মাটি কাটা প্রতিরোধে কিছুটা সমস্যা হচ্ছে।
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের নেদুর বাজার এলাকায় রাত নামলেই চলছে কৃষিজমির লালমাটি কেটে নেওয়ার মহোৎসব। দিনের বেলায় আড়ালে থাকলেও রাত নামলেই শুরু হয় মাটি কাটার কর্মযজ্ঞ। প্রতিদিন রাতে ভেকু মেশিনের শব্দে কেপে উঠে পুরো এলাকা। বিরামহীনভাবে মাটি কেটে ১০ চাকার ড্রাম ট্রাকে করে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মধুপুর ও ঘাটাইল সীমানার প্রভাবশালী একটি যৌথ চক্র প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে ম্যানেজ করেই এ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের আরো অভিযোগ, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার রহস্যজনক নীরবতার সুযোগে নির্বিঘ্নে চলছে এ কর্মকাণ্ড। সংশ্লিষ্টদের সঙ্গে সমঝোতার মাধ্যমেই মাটি কাটার কার্যক্রম চালানো হচ্ছে বলে দাবি তাদের। ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মহির জানান, মাটি কাটা হচ্ছে শুনেছি।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা ইয়াসিন আলী জানান, মাটি কাটার বিষয়টি আমি অবগত নই, তবে যারা কাটছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করছি। শুধু মাটি কাটাই নয়, আবাদি ফসল সরিয়ে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি তুলে জমির শ্রেণি পরিবর্তনেরও অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা ছিল না। এই মাত্র আপনার মাধ্যমে অবগত হলাম, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।