মেহেরপুর সীমান্ত দিয়ে ৪র্থ বারের মতো পুশইনের চেষ্টা চালানো হয়েছে। শুক্রবার ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে তিনজনকে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ ৷ সীমান্ত শূন্যরেখা ১৩৬ মেইন পিলারের কাছে ১৩৫/৭ এস কাঁটাতারের গেট দিয়ে তাদের পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার। পরে বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিরোধের মুখে আবারো তারা কাটাতারের ওপারে ফেরত নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় তাদের তিনজনকে বাংলাদেশ অভিমুখে পাঠিয়ে দেয় বিএসএফ। পরে ভোরে তাদের সীমান্ত শূন্যরেখায় দেখা গেলে স্থানীয় ও বিজিবির প্রতিরোধের মুখে তারা নো ম্যানস ল্যান্ড-এ অবস্থান নেয়। পরে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ওই তিনজনকে আবারো ভারতে ফেরত নেয় বিএসএফ। ফেরত পাঠানো তিনজনের মধ্যে দুইজন পুরুষ একজন নারী ছিল। তাদের নাম ও পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি বিজিবি।
অন্যদিকে স্থানীয় সূত্রে, কাজীপুর-শেওড়াতলা সীমান্ত দিয়ে ভোরে দুইজনকে পুশইনের খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে পুশইনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি বিজিবি।
এমএইচ