হোম > সারা দেশ > খুলনা

আতাউরের স্বজনপ্রীতিতে সংকটে জামায়াতের ইমেজ

ক্ষুব্ধ নড়াইলের দলীয় নেতাকর্মী

খায়রুল আরেফিন রানা, নড়াইল

নড়াইল-২ আসনের এমপি, জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চুর মেয়ের নামে এমপির ঐচ্ছিক তহবিলের অনুদান মঞ্জুরির ঘটনায় চরম ইমেজ সংকটে পড়েছে দলটি। ভাইরাল হওয়া হতদরিদ্রদের জন্য অনুদানের ওই মঞ্জুরিপত্রে মেয়ের নাম থাকার দায়ে এমপি তার পিএসকে বরখাস্ত করেছেন, তার ওপর দায় চাপাচ্ছেন। কিন্তু এখানে এমপির দায় এড়ানোর সুযোগ নেই বলে দলমত নির্বিশেষে মত ব্যক্ত করেছেন অনেকেই।

তাদের মতে, এরূপ নীতিবহির্ভূত কাজ জামায়াতে ইসলামীর ন্যায়নিষ্ঠা, সততার রাজনীতির মূলে কুঠারাঘাতের সমতুল্য। অজস্র ঘাম রক্ত শ্রমের বিনিময়ে তিলে তিলে গড়া জামায়াতের জনসমর্থন জেলা প্রধানের এমন দায়িত্বহীনতায় ধুলায় মিশে যাওয়ায় উপক্রম হয়েছে। এতে দলের সর্বস্তরের নেতাকর্মীর মাঝে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াত বহু বছর পিছিয়ে গেছে বলে মনে করছেন। এজন্য আমিরের ওপর দায় চাপাচ্ছেন তারা। তবে দলের কেউ কেউ এ ব্যাপারে এমপির দেওয়া ব্যাখ্যার ওপরই রয়েছেন আস্থাশীল।

জানা গেছে, ইসলামী রাজনীতির আদর্শিক পরিবারে বেড়ে ওঠা আতাউর রহমানের বাচ্চু ১৯৯৪ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সম্পৃক্ত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। সেই থেকে তিনি নড়াইল জেলা ছাত্রশিবির, লেখাপড়ার সুবাদে খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজ, খুলনা মহানগর, কেন্দ্রীয় ছাত্রশিবিরসহ পর্যায়ক্রমে শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে ছাত্র রাজনীতি থেকে অবসর নিলে দলের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে নড়াইল জামায়াতে ইসলামীতে ডাক পড়ে আতাউরের। তাকে সদর উপজেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়, পরে জেলা সেক্রেটারি এবং ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে অদ্যাবধি নড়াইল জেলা আমিরের দায়িত্বে বহাল রয়েছেন। তার পঞ্চম ভাই অধ্যাপক মাহফুজুর রহমান খুলনা মহানগর জামায়াতের আমির, তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ষষ্ঠভাই শামসুর রহমান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু হামলা-মামলা কারাবরণসহ দলে আতাউর রহমান বাচ্চুর অপরিসীম ত্যাগের মূল্যায়ন হিসেবে দল তাকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী করে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলে তার জয়ের পথ সুগম হয়। সূত্রমতে, বাচ্চুর তেমন কোনো আয়ের উৎস নেই, তিনি দল থেকে দেওয়া সম্মাননার ওপর নির্ভরশীল বলে জানা গেছে। নির্বাচনি হলফনামায় তিনি পেশা ব্যবসা বলে উল্লেখ করে সেখানে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের নাম দিয়েছেন। যদিও ওই ব্যবসাপ্রতিষ্ঠানের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আতাউর রহমান বাচ্চু এমপি নির্বাচত হওয়ার পরে ক্রমান্বয়ে তার মাঝে অহমিকা ভর করতে থাকে বলে অভিযোগ রয়েছে। দলীয় লোকজনের কাছ থেকে জানা যায়, যে বা যারা এমপি সাহেবের মোসাহেবী করতে পারে তারাই তার আস্থাভাজন ও পছন্দের। এমপির কাছে অন্যদের বিশেষ মূল্যায়ন নেই। আগামী বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার বিচারে নয়, এমপির পছন্দের বিচারে জমায়াতের প্রার্থিতা চূড়ান্ত হতে পারে বলে ধারণা তাদের। সব মহলে সম্পর্ক রাখতে গিয়ে এমপির দ্বারা সংগঠনের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার বিষয়েও অভিযোগ রয়েছে নেতাকর্মীদের মধ্যে।

এদিকে, এমপির কাছে কোনো সমস্যা বা অভিযোগ নিয়ে গেলে মানুষ তেমন সমাধান পায় না, অমীমাংসিত পড়ে থাকে। জামায়াত নেতা সাইফুল আবদারের বিরুদ্ধে চাঁদাবাজি, টাকাপয়সা হাতিয়ে নেওয়ার নানা অভিযোগ এমপির কানে তোলা হলেও সেসব ব্যাপারে তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে।

এমপির মেয়ের নামসম্বলিত সরকারি অনুদানের মঞ্জুরিপত্র প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই সংসদ সদস্য দলমত নির্বিশেষে সবার নিকট সততা, ন্যায়নিষ্ঠার প্রতীক হিসেবে বিবেচিত ছিলেন। এ ঘটনায় মানুষের সেই আস্থা ও বিশ্বাসের আঙিনা ব্যাপকভাবে নড়ে উঠেছে।

এমপিকে না জানিয়ে মেয়ের মঞ্জুরি তালিকায় ঢোকানোর দায়ে পিএস আবু সালেহ মোহাম্মদ গোফরানকে চাকরি থেকে বরখাস্ত করেছেন বাচ্চু। কিন্তু সাধারণ মানুষ বলছে এমপির ঐচ্ছিক বরাদ্দ থেকে নড়াইল-২ আসনে হতদরিদ্রদের যে তালিকা ভাইরাল হয়েছে সেখানে এক ও আট নম্বরে এমপি সাহেবের মেয়ের নাম, সাত নম্বরে এমপির ক্যামেরাম্যানের নাম, ১১ ও ১৭ নম্বরে এমপির শ্যালকের দুই মেয়ের নাম, ১২ নম্বরে এমপির শ্যালকের নাম রয়েছে। সেখানে পিএসের কোনো আত্মীয়স্বজনের নাম না থাকায় প্রশ্ন উঠেছে এমপি সাহেব নিজের দুর্নীতি ঢাকতে এখন পিএসের ওপর দায় চাপাচ্ছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় সংসদের অর্থ শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব রাখী আহমেদ স্বাক্ষরিত ১৮ জুনের পত্রে ২০২৫-২৬ অর্থবছরে নড়াইল-২ আসনের এমপির ঐচ্ছিক তহবিলের এক লাখ ৮৩ হাজার ৫০০ টাকা নির্বাচনি এলাকার মোট ২১ জনের মাঝে বণ্টনের জন্য মঞ্জুরি অনুমোদন দেওয়া হয়। ওই তালিকায় দুই জায়গায় এমপির মেয়ে ফাইজার নামসহ অধিকাংশ আত্মীয়স্বজনের নাম থাকায় এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

এ ব্যাপারে এমপি মো. আতাউর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজসহ বিভিন্ন মিডিয়ায় ব্যাখ্যা দেন। সেখানে তিনি জানান, সময় স্বল্পতার কারণে মাত্র একদিনের মধ্যে সংসদ সচিবালয়ে অনুদান গ্রহীতাদের তালিকা জমা দিতে হয়েছে। তিনি নির্বাচনি এলাকায় ব্যস্ত থাকায় ঢাকা থেকে ব্যক্তিগত সহকারী বিষয়টি জানালে তাকে এলাকা থেকে নাম সংগ্রহ করে জমা দিতে বলেন। পরে এমপির পূর্বস্বাক্ষরিত প্যাডে তালিকা প্রস্তুত করে জমা দেন ব্যক্তিগত সহকারী। সেখানে কাদের নাম রয়েছে এমপি দেখার সুযোগ পাননি বলে জানান। পরে ফেসবুকের তালিকায় মেয়ের নাম দেখে ব্যক্তিগত সহকারীর কাছে জানতে চাইলে তিনি জানান, তাড়াহুড়া করে যাচাই-বাছাই ছাড়া যার তার নামে বরাদ্দ এনে পরে সে যদি অনুদানের প্রকৃত হকদার না হয়, তাকে বরাদ্দকৃত টাকা দেওয়া হলে সমালোচনা হবেÑএজন্য আমার পরিবারের সদস্যদের নাম দিয়েছে। অনুদানের অর্থ প্রকৃত যাদের প্রাপ্য ইতোমধ্যেই তাদের তালিকা সম্পন্ন হয়েছে, তাদের হাতেই অনুদান তুলে দেওয়া হবে।

জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য, নড়াইল জেলা সাবেক আমির মাওলানা মীর্জা আশেক এলাহী আমার দেশকে বলেন, এ বিষয়ে এমপি যে বিবৃতি দিয়েছেন আমরা তাতেই আস্থাশীল, তবে কেউ যদি তা না মানতে চায় জোর করে মানানো যাবে না। ক্রিয়া ঘটলে তার কিছু প্রতিক্রিয়া থাকবে, সেক্ষেত্রে কী আর করণীয়? তবে এটা ঘোরতর কোনো অপরাধ নয়, সময়ে সব স্বাভাবিক হয়ে যাবে বলেও ব্যক্তিগতভাবে মনে করেন জামায়াতের এই প্রবীণ নেতা।

এদিকে সংসদ সদস্য আতাউর রহমান বলেন, যারা অতিউৎসাহী হয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করেছে তারা নিজেরাও মন থেকে বিশ্বাস করে না আমার দ্বারা নিজের মেয়ের নামে অনুদান তুলে ভোগ করা সম্ভব। নিজের আয়ের উৎস সম্পর্কে তিনি জানান, বিগত দিনে জমি কেনাবেচা ও বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসলের ব্যবসা ছিল, এখন সময়ের অভাবে সেসব ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে। বর্তমানে নড়াইল শহরে পাঞ্জাবি হাউজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। সংগঠন থেকে কখনো কখনো সম্মাননা পেয়ে থাকেন বলেও তিনি জানান।

নড়াইল-২ আসনের এই এমপি আরো বলেন, এলাকার উন্নয়নে জনসাধারণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সঙ্গে সদ্ভাব বজায় রেখে কাজ করে যাচ্ছি। দলের সবাই আমার কাছে সমান গ্রহণযোগ্য, বিশেষ কারো প্রতি সুদৃষ্টির কোনো অবকাশ নেই। কোনো প্রকার অনৈতিক কাজে জড়িত কারোরই আমার কাছে কোনো স্থান নেই।

কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতা গুলিবিদ্ধ

মোংলা বন্দর সিবিএ নির্বাচন দ্রুত সম্পন্নের দাবি

এনা পরিবহনের কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় কলেজছাত্র উদ্ধার

পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার শ্রমিকদল নেতাকে বহিষ্কার

ইবিতে ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

নড়াইলে ৬ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

দেবহাটায় মৎস্যঘেরে ডাকাতি, বাধা দেওয়ায় চাষিকে কুপিয়ে জখম

সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার