জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে ভারত সীমান্তবর্তী সাতক্ষীরা অঞ্চলে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় তল্লাশি কার্যক্রমের পাশাপাশি মোবাইল টহলও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
শনিবার সকালে সাতক্ষীরার ভোমরা জিরো পয়েন্টে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব মোকাবিলায় সীমান্ত এলাকায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
তিনি জানান, অনেক ক্ষেত্রে বিদেশি কার্গো যানবাহন কম জ্বালানি নিয়ে দেশে প্রবেশ করে স্থানীয়ভাবে ট্যাংক পূর্ণ করে আবার সীমান্ত অতিক্রম করে। আবার বাংলাদেশি কিছু যানবাহন অতিরিক্ত জ্বালানি নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। এসব অনিয়ম ঠেকাতে বিজিবি কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।
বিজিবি জানায়, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি বিপণনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি ভোমরা স্থলবন্দর এলাকায় বিশেষ তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে।
লে. কর্নেল কাজী আশিকুর রহমান আরো বলেন, সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সাদমান সাদিক, উপসহকারী পরিচালক মাসুম বেগ, মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।