ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে প্রশান্ত কুমার দাস (৪৮) নামে এক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কালীগঞ্জ পৌর শহরের কলেজপাড়া এলাকার মৃত ননী গোপাল দাসের ছেলে।
রোববার দুপুর প্রায় ২টার দিকে কালীগঞ্জ শহরের সরকারি মাহাতাব উদ্দিন কলেজ সড়কে সুবোধ দেবনাথের তন্ময় স্টোর নামে একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি বসে চা পান ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় উপস্থিত একজন ইসলামকে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করলে প্রশান্ত কুমার দাস ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তার ওই মন্তব্যে সেখানে উপস্থিত কয়েকজন মুসল্লি ও সাধারণ মানুষ প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশান্ত কুমার দাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিজ বাড়িতে চলে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে আটক করে কালীগঞ্জ থানায় নিয়ে আসে।
ঘটনার পর কলেজপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এলাকায় নজরদারি জোরদার করেছে।
প্রত্যক্ষদর্শী এরশাদ হোসেন ও আরিফ হোসেন জানান, তারা চায়ের দোকানে বসে চা পান ও গল্প করছিলেন। এ সময় প্রশান্ত কুমার দাস ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তারা এর প্রতিবাদ করলে তিনি দ্রুত সেখান থেকে চলে যান। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান বলেন, "ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ পাওয়ার পর প্রশান্ত কুমার দাসকে থানায় আনা হয়েছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"