চুয়াডাঙ্গার দর্শনা থানার ছোটশলুয়া গ্রামে ধান রোপণের কাজ করার সময় বজ্রপাতে মো. শের আলী (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলমঙ্গীর নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় ছোটশলুয়া গ্রামের মাঠে ধান রোপণের কাজ করছিলেন শের আলী ও আলমঙ্গীর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শের আলীকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। আহত আলমঙ্গীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শের আলী ছোটশলুয়া গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। আহত আলমঙ্গীর একই গ্রামের জিতু মিয়ার ছেলে।
এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়দের মধ্যেও গভীর শোকের পাশাপাশি উদ্বেগ বিরাজ করছে।
সচেতন মহলের মতে, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রতিকূল আবহাওয়ার সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকা উচিত। আবহাওয়া খারাপ হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম শের আলীর মৃত্যু নিশ্চিত করেন।
এমএইচ