ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকায় ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর থানা পুলিশ নদীর পাড়সংলগ্ন ধানক্ষেত থেকে কাঁদামাটি মাখা অবস্থায় লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে লাশটি পড়ে থাকতে দেখে। লাশটি সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যায়। পরে খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
মহেশপুর থানা পুলিশ ও বিজিবির পৃথক সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে থানায় বা বিজিবির কাছে অভিযোগ পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, অজ্ঞাত যুবকের লাশটি বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে এবং সাম্প্রতিক সময়ে ওই সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনা ঘটেনি। তিনি বলেন, “লাশটি জিরো লাইনের প্রায় ৫০ গজ ভেতরে পাওয়া গেছে। এটি সীমান্তসংক্রান্ত কোনো ঘটনা কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।