এসএ টিভির খুলনা প্রতিনিধি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এমইউজের ট্রেজারার এবং টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মতি প্রাণে রক্ষা পান। তবে ছররার আঘাতে সাংবাদিক আওয়াল আহত হয়েছেন।
এদিকে এমইউজে খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতিসহ সাংবাদিকের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে।
সাংবাদিক রকিবুল ইসলাম মতি জানান, প্রতিদিন রাতে অফিস শেষ করে কয়েকজন সাংবাদিক জলিলের চায়ের দোকানের পাশে বসে গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাড়ি ফেরেন।
আজকের আড্ডায় আমার সঙ্গে খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও এমইউজে খুলনার সাবেক সহ-সাধারণ সম্পাদক স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডাড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ ও এমইউজে খুলনার সদস্য ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবির ছিলেন।
এ সময় একটি মোটরসাইকেলযোগে আসা দুজন যুবক আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পাই। ছররা গুলিতে সাংবাদিক আওয়াল সামান্য আহত হন। গুলিটি আমাদের বসা চেয়ারের পায়ে বিদ্ধ হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ারকৃত বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কী কারণে এখানে গুলির ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের জন্য আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি।
এ দিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন,
এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহসভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
এমএইচ