হোম > সারা দেশ > খুলনা

অভয়নগরে মা-বাবাকে মারধর ও মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে পৃথক অভিযোগ করেছিলেন ভুক্তভোগী মা-বাবা। অভিযোগের পর অভিযান চালিয়ে মাদক সেবনকালে তিন যুবককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ওহিদ গাজী (২৬), সজিব আহমেদ (৩০) ও শামীম শেখ (২০)।

দণ্ডপ্রাপ্ত ওহিদ গাজী উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ওসমান আলী গাজীর ছেলে। সজিব আহমেদ বুইকারা গ্রামের মোবারক হোসেনের ছেলে। অন্যদিকে শামীম শেখ মশরহাটী গ্রামের জুয়েল শেখের ছেলে। তার স্থায়ী ঠিকানা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ছবদলপুর গ্রামে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত তিন যুবক দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। মাদকদ্রব্য কেনা ও নেশার টাকা জোগাড় করতে তারা প্রায়ই নিজেদের মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে নিরুপায় হয়ে ভুক্তভোগী মা-বাবা ছেলেদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে পৃথক অভিযোগ করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার গুয়াখোলা গ্রামে নিজ বাড়িতে মাদক সেবনকালে ওহিদ গাজীকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে বুইকারা গ্রামের সজিব আহমেদ ও মশরহাটী গ্রামের শামীম শেখকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, “মাদকাসক্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাদের মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মাদক সেবনকালে তিন যুবককে আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।”

হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগ, প্যাথলজির আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

সুন্দরবনের গহিনে বনদস্যুদের অস্ত্রভাণ্ডার, ১৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলায় মোটরসাইকেলসহ চালক গ্রেপ্তার

বিভিন্ন স্থানে মাটি কাটার মহোৎসব

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা