হোম > সারা দেশ > খুলনা

কয়েকটি রাজনৈতিক দলের চাপে অন্তর্বর্তী সরকার দিশাহারা: মঞ্জু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ। সরকার কখনো একদলকে, আবার কখনো আরেক দলকে খুশি করার নীতি গ্রহণ করেছে। ফলে কয়েকটি রাজনৈতিক দলের চাপে তারা দিশাহারা হয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জনগণের আস্থা স্থাপন করা কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে।

শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইয়ামিনুর রহমান ও কেন্দ্রীয় যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানের পর প্রশাসনকে সুষ্ঠুভাবে পুনর্গঠন করা যায়নি। বিএনপি–জামায়াত ও এনসিপির দ্বন্দ্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থান নিতে পারছে না, এটি অত্যন্ত দুঃখজনক। হাসিনা একদলীয় ব্যবস্থা কায়েম করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিলেন, তারই ছাপ এখনো রয়ে গেছে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, নিয়োগ ও বদলিবাণিজ্য এখনো চলছে। মাদক, চাঁদাবাজি ও বেকারত্বের সমস্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ঝিনাইদহের যোগাযোগব্যবস্থা করুণ, বিশেষ করে যশোর–ঝিনাইদহ সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়।

অতীতের বিভাজন ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে সব দলেরই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে এবি পার্টির ভূমিকা ছিল প্রশংসনীয় ও জনগণের কাছে সমাদৃত।

সভায় দলটির ঝিনাইদহ জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় তুলে ধরেন মঞ্জু। ঝিনাইদহ–১ আসনে হাদিউজ্জামান খোকন, ঝিনাইদহ–২ আসনে অ্যাডভোকেট মতিয়ার রহমান এবং ঝিনাইদহ–৩ আসনে মুফতি মুজাহিদুল ইসলাম এবি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জুলাই অভ্যুত্থান বিষয়ক সহসম্পাদক রাশেদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আলমগীর হোসাইন, ঝিনাইদহ জেলা সদস্য সচিব নাজমুস সাদাত, মাগুরা জেলা আহ্বায়ক ইমরান নাজির ও মেহেরপুর জেলা সমন্বয়ক রফিকুজ্জামান প্রমুখ।

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ

ঝিনাইদ‌হে পিত্তথলি অপারেশনে রোগীর নাড়ি কে‌টে ফেলার অভিযোগ

নড়াইলে টিকটক করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যা

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

তিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণের নামে চলছে চর দখল

৪ বছর পর চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ