হোম > সারা দেশ > খুলনা

আমার দেশ সাংবাদিক ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলা উপজেলার আমার দেশ প্রতিনিধি খান আশিকুজ্জামান ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সাংবাদিকতার সরঞ্জাম লুটের ঘটনা ঘটেছে।

শুক্রবার গভীর রাতে সুন্দরবন ইউনিয়নের তার নিজ বাড়িতে বসত ঘরে ঢুকে একদল সশস্ত্র ডাকাত ধারালো অস্ত্রের মুখে এ ঘটনা ঘটায়। এসময় তাকে সাংবাদিকতা ছাড়তে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় তারা।

ভুক্তভোগী খান আশিকুজ্জামান জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ৬–৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল টিনশেড বসতঘরের কাঠের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় হেলমেট পরিহিত ৩ জন ডাকাত পিস্তল ও দেশীয় অস্ত্র হাতে শোবার ঘরে ঢুকে তার মাথায় আগ্নেয়াস্ত্র ও তার স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

ডাকাতরা ঘরের আলমারি ও ওয়ারড্রপ তছনছ করে নগদ ৪ হাজার টাকা, প্রায় এক ভরি স্বর্ণালংকার, জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র, গ্রীন টেলিভিশনের মাইক বুম এবং একটি ভিভো ভি–২৯ মডেলের মোবাইল ফোন লুট করে নেয়।

একপর্যায়ে ডাকাতরা হুমকিস্বরূপ বলে, ‘আজকের পর সাংবাদিকতা করলে তোকে মেরে ফেলবো, তোর লাশও কেউ খুঁজে পাবে না।’ পরে তারা স্প্রে জাতীয় রাসায়নিক পদার্থ সাংবাদিক ও তার স্ত্রীর চোখ ও মুখে প্রয়োগ করে অচেতন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর ভোর সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর বাবা খান আবুল কালাম নামাজ পড়তে ওঠে ঘরের দরজা বাহিরে থেকে আটকানো দেখতে পান। প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে সাংবাদিক দম্পতিকে অচেতন অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় সাংবাদিক খান আশিকুজ্জামান মোংলা থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মোংলা রামপাল সার্কেল এএসপি মো. রেফাতুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২