সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মোটরভ্যানের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। ভ্যানে থাকা দুই শিশু ছিটকে পড়লেও তারা অক্ষত রয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ছয়টার দিকে তালা উপজেলার শাহাপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমি আক্তার (২৮) তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতা গ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আঠারো মাইল দিক থেকে আসা যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরভ্যানকে ধাক্কা দেয়। এতে মোটরভ্যানে থাকা রুমি আক্তার সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মোটরভ্যানচালক রহমানকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভ্যানে থাকা দুই শিশু ছিটকে পড়লেও তারা অক্ষত রয়েছে। সেখানে উত্তেজিত দেখা দেয়।খবর পেয়ে তালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
এমএইচ