দীর্ঘ ৯ ঘণ্টা পর বেলা ৩টার দিকে খুলনার সঙ্গে ঢাকা, রাজশাহী ও চিলাহাটি রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার সকাল ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি মালবাহী ট্রেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ট্রেন স্টেশনে প্রবেশের আগমুহূর্তে লাইনচ্যুত হয়।
এ সময় তিনটি বগি লাইন থেকে ছিটকে পড়ে । ফলে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। উভয় প্রান্তে সাতটি যাত্রীবাহী ট্রেন আটকে যায়।
সাবদারপুর স্টেশন মাস্টার গোলাম রসুল জানান, খুলনা ও ঈশ্বরদী থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে সকাল সাড়ে ১০টার দিকে পৌঁছায়। তার পরপরই কয়েক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত তিনটি বগি সরিয়ে ফেলা হয়। বেলা ৩টার দিকে রেললাইন মেরামত ও উদ্ধারকাজ শেষ হলে খুলনার সঙ্গে ঢাকা, রাজশাহী ও চিলাহাটির রেলযোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।
জেডএম